রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ভূমি উপদেষ্টা ও সচিবের সঙ্গে দেখা করলেন সারজিস

ডেস্ক রিপোর্ট।।

ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের হয়রানি, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এসব সমস্যা নিয়ে তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

সারজিস আলম জানান, “উপজেলা পর্যায়ে চলমান সফরে বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের কাছ থেকে ভূমি অফিসসংক্রান্ত একাধিক সমস্যার কথা শুনেছি। জমির পুরোনো কাগজপত্র, সাব-রেজিস্ট্রার অনুপস্থিতি, আর্থিক লেনদেন, দালালদের দৌরাত্ম্য—সব মিলিয়ে জনগণ চরম ভোগান্তির শিকার।”

তিনি বলেন, মাঠ পর্যায়ের এ চিত্র তুলে ধরতেই তিনি ভূমি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

সারজিস আলমের মতে, বৈঠকে ভূমি উপদেষ্টা ও সচিব আশ্বস্ত করেছেন যে, মাঠ পর্যায়ের ভূমি সেবা সম্পূর্ণভাবে অনলাইনভিত্তিক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে সার্ভে ও ম্যাপিং কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এতে সীমানা নিয়ে বিরোধ, নকল দলিল ও দালালি চক্রের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ভূমি অফিসে সক্রিয় চাঁদাবাজ সিন্ডিকেট নিয়েও আলোচনা হয়। সচিব ও উপদেষ্টা জানান, এসব চক্রকে নিষ্ক্রিয় করতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে। অস্থায়ী সরকারের মেয়াদেই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন