বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়ছে। এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)। সোমবার (১৬ জুন) তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

IRGC এক বিবৃতিতে জানিয়েছে,

“আমরা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি এবং মোসাদের পরিকল্পনা পরিচালনাকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। এই হামলা শহীদদের রক্তের বদলা ও ইসরায়েলি আগ্রাসনের সরাসরি জবাব।”

আইআরজিসি আরও দাবি করে, তারা এমন স্থাপনাকেই লক্ষ্যবস্তু করেছে যেগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোও হামলার সত্যতা আংশিকভাবে নিশ্চিত করেছে। তারা জানায়, দেশটির উপকূলীয় শহর হেরজলিয়ায় একটি ‘সংবেদনশীল স্থান’ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া এখনো সরকারিভাবে জানানো হয়নি।

সাধারণত ‘সংবেদনশীল স্থান’ বলতে ইসরায়েল সরকারের ভাষায় কৌশলগত সামরিক ঘাঁটি বা গোয়েন্দা কেন্দ্রকে বোঝানো হয়ে থাকে।

বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েল সরাসরি একে অপরের কৌশলগত স্থাপনায় আঘাত হানায় পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা দিনে দিনে বাস্তব রূপ নিচ্ছে।

“এটি এখন আর ছায়াযুদ্ধ নয়—বরং একটি উন্মুক্ত সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি,” মন্তব্য একজন মধ্যপ্রাচ্য বিশ্লেষকের।

গত কয়েক সপ্তাহ ধরেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। ইসরায়েলের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে ইরান এই পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে আঞ্চলিক মিত্র ও বৃহৎ শক্তিগুলো পরিস্থিতি নিরসনে কূটনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তবে সফলতা এখনও অনিশ্চিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন