চলতি ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘তাণ্ডব’ এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়েছে। আগেই প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন কড়া নজরদারির কথা। কিন্তু সব সতর্কতা ব্যর্থ করে অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমার পাইরেটেড সংস্করণ।
পাইরেসির ধাক্কা সত্ত্বেও দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহে সিনেমাটির দর্শকপ্রবাহ লক্ষণীয়। ঈদের দিন মুক্তি পাওয়া সিনেমাটি এখনো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে প্রদর্শক কর্তৃপক্ষ।
‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে ১৩৩টি সিনেমা হলে। ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, আফজাল হোসেন ও রোজী সিদ্দিকী প্রমুখ।
সিনেমায় একটি ক্যামিও চরিত্রে ভয়ংকর সাদা চোখের লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন সিয়াম আহমেদ। চরিত্রটির নাম ‘আরমান মনসুর’। সংক্ষিপ্ত উপস্থিতি হলেও দর্শকদের মনে দাগ কেটেছে চরিত্রটি।
জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন, “আরমান মনসুরকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখতে চাই।”
এই আবেদনে সাড়া দিয়েছেন পরিচালক রায়হান রাফী নিজেও। মন্তব্যে তিনি লিখেছেন, “ওকে, ন্যান্সি আপু।”
এতে ধারণা করা হচ্ছে, পরিচালক চরিত্রটিকে নিয়ে ভবিষ্যতে আলাদা কোনো প্রজেক্ট ভাবতে পারেন।
পাইরেসির বিষয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন,
“আমরা আগেই সতর্কবার্তা দিয়েছিলাম। এখন বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করতে হচ্ছে। দর্শকদের অনুরোধ করব, পাইরেটেড কনটেন্ট না দেখে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করুন।”

