বাংলাদেশের ডিজিটাল লেনদেন খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী ২৪ জুন রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে (Google Pay)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এই সেবার মাধ্যমে দেশের প্রথম কোনো ব্যাংক হিসেবে সিটি ব্যাংক গুগল পের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। গুগল পের এ উদ্যোগে সহযোগিতা করছে বৈশ্বিক পেমেন্ট জায়ান্ট মাস্টারকার্ড ও ভিসা।
প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটের মাধ্যমে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সেবার আওতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে কার্ড যুক্ত করতে হবে। এরপর দোকান, শপিংমল বা রেস্তোরাঁয় টাচ-এন্ড-পে প্রযুক্তির মাধ্যমে ফোন ট্যাপ করেই সহজে লেনদেন করা যাবে।
গুগল পে ব্যবহারে কোনো বাড়তি ফি নেয়া হবে না। পাশাপাশি কার্ডের আসল তথ্যের পরিবর্তে ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যও থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।
বাংলাদেশে গুগল পে চালু হওয়াকে বিশেষজ্ঞরা দেশের ক্যাশলেস ইকোনমি গঠনে এক বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। এটি শুধু প্রযুক্তিনির্ভর লেনদেনকে সহজ করবে না, বরং ডিজিটাল ফাইন্যান্সকে আরও জনপ্রিয় করে তুলবে।

