ইরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে “বড় ধরণের ভুল” বলে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি বলেন, “শহীদদের রক্ত এবং আমাদের ভূখণ্ডে হামলা কখনো ভুলে যাবে না জনগণ। এর জন্য ইসরায়েলকে চরম শাস্তি পেতে হবে।”
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে খামেনি আরও বলেন, “যারা ইরানের ইতিহাস জানে, তারা জানে—ইরান হুমকির ভাষা বুঝে না। আমরা কারও চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ মেনে নেব না।”
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে খামেনি কড়া ভাষায় বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায়, তার পরিণতি হবে ভয়াবহ। যেকোনো সামরিক হস্তক্ষেপ অপ্রতিরোধ্য প্রতিঘাত ডেকে আনবে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “ইরান কখনো আত্মসমর্পণ করবে না। শান্তির নামে যে আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়, সেটি মেনে নেওয়ার জাতি আমরা নই।”
১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের বিমান হামলায় ইরানের বেশ কিছু সামরিক ও পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানে। আজ বুধবার ইরান জানায়, তারা ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
খামেনির ভাষণটি সরাসরি প্রচার না করে রাষ্ট্রীয় টেলিভিশনের একজন নারী উপস্থাপিকা তা পড়ে শোনান। ইরানজুড়ে এই ভাষণ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে খামেনি বলেছিলেন, “আমাদের অবশ্যই জায়নবাদি শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা কোনো ছাড় দেব না।”

