বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাহাড় কাটতে গিয়ে মৃত্যু, মাটি চাপায় প্রাণ গেল কক্সবাজারে এক যুবকের

ডেস্ক রিপোর্ট।।

কক্সবাজারে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে সিরাজুল হক ওরফে ‘গুরাইয়া’ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট অফিসের পাশেই এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুরাইয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটায় জড়িত ছিল। ডাম্পার ও অন্যান্য ভারী যান ব্যবহার করে তিনি পাহাড় থেকে মাটি সরিয়ে আসছিলেন। ঘটনার রাতে পাহাড় কাটার সময় হঠাৎই একটি বড় অংশ ধসে পড়ে এবং তার ওপর চাপা পড়ে যান তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

দক্ষিণ বন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “গুরাইয়া নামে পরিচিত ব্যক্তি একাধিকবার আমাদের নজরে এসেছিল। বিভিন্ন সময় অভিযান চালিয়েও তাকে থামানো যায়নি। স্থানীয়ভাবে প্রভাবশালী চক্রের সহায়তায় পাহাড় কাটা অব্যাহত রেখেছিল সে।”

এ বিষয়ে বন বিভাগ কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানা গেছে।

এদিকে পরিবেশবাদীরা বলছেন, কক্সবাজারে প্রতিদিন যেভাবে পাহাড় কাটা হচ্ছে, তা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হলেও, এটি বরফখণ্ডের চূড়া মাত্র।

পরিবেশ আন্দোলনের নেতা সাইফুল করিম বলেন, “এই মৃত্যু কেবল একজনের না, এটি আমাদের ব্যর্থতার প্রতীক। প্রতিদিন যে পাহাড় কাটা হচ্ছে, প্রশাসন তা জানে। কিন্তু কার্যকর ব্যবস্থা নেই।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন