সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশের উদ্যোক্তাদের ওষুধ খাতে বিনিয়োগ আহ্বান শ্রীলঙ্কার, বাণিজ্য বাড়াতে এফটিএর তাগিদ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিশেষ করে ওষুধ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। বুধবার কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা বিজনেস ফোরামে এ আহ্বান জানানো হয়।

‘অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক এই বিজনেস প্লেনারি সেশনের আয়োজন করে শ্রীলঙ্কার ন্যাশনাল চেম্বার অব কমার্স। এতে অংশ নেয় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদল।

শ্রীলঙ্কা-বাংলাদেশ বিজনেস কো-অপারেশন কাউন্সিলের সভাপতি আন্দ্রে ফার্নান্দো বলেন, “শ্রীলঙ্কায় ওষুধ, প্যাকেজিং, রপ্তানিমুখী শিল্প এবং লজিস্টিক খাতে বাংলাদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।”

শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ডের পরিচালক রেনুকা ওয়াইরাকুন জানান, ওষুধ, ফেব্রিক্স ও মেডিকেল যন্ত্রপাতিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর হলে শুল্ক জটিলতা কমবে ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি ও শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াসও এফটিএ স্বাক্ষরের জন্য দুই দেশের সরকারের প্রতি তাগিদ জানান।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “শ্রীলঙ্কায় ইতোমধ্যে বাংলাদেশের বিনিয়োগের পরিমাণ ৪৩৮ দশমিক ১১ মিলিয়ন ডলার, যা ব্যাংকিং, তৈরি পোশাক ও অবকাঠামো খাতে রয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ওষুধ, আইটি ও হালকা প্রকৌশল খাতে বিনিয়োগ সম্ভব।”

তিনি আরও বলেন, “এফটিএ ছাড়া বর্তমান ডাবল ট্যাক্সেশন এভয়ডেন্স এগ্রিমেন্ট সময়োপযোগী নয়। এটি সংস্কার প্রয়োজন।”

অনুষ্ঠানে অংশ নেন ডিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সালিম সোলায়মান ও সাবেক সভাপতি রিজওয়ান রহমানসহ ব্যবসায়ী প্রতিনিধি দল। দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে প্রায় ১৫০টি বিজনেস টু বিজনেস (B2B) ম্যাচ-মেকিং সেশন অনুষ্ঠিত হয়।

শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানান, ২০২৪ সালে দেশটির মোট রপ্তানি ১৬.২ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আমদানিকারক। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, ফেব্রিক্স, কেমিক্যাল, পশু খাদ্য ও কৃষিপণ্যে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন