সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

“মিথ্যা মামলায় ছেলেকে রক্ষা করতে বিএনপি অফিসে অভিনেত্রী রিনা খান”

ডেস্ক রিপোর্ট।।

নিজ ছেলেকে ‘রাজনৈতিক মিথ্যা মামলার’ হাত থেকে রক্ষা করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করেছেন খ্যাতিমান অভিনেত্রী ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সহ-সভানেত্রী রিনা খান। বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে তিনি লিখিতভাবে আবেদন জমা দেন।

এক ভিডিওবার্তায় রিনা খান বলেন, “আমি বিএনপি করি বলেই আজ আমার এই অবস্থা। আমার ছেলে জার্মানিতে থাকলেও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি শুধু একজন অভিনেত্রী নই, আমি একজন নির্যাতিত সন্তানের মা।”

তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে আমার বড় ছেলে বিদেশে, তবুও তার নামে মামলা দিয়ে ওয়ারেন্ট বের করা হয়। ছোট ছেলের পেছনেও পুলিশ লাগানো হয়েছিল। আমি বিটিভির কোনো অনুষ্ঠানেও যেতে পারতাম না। এত বছর ধরে একধরনের সামাজিক ও রাষ্ট্রীয় বয়কটের শিকার হয়েছি।”

বিএনপির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিনা বলেন, “আজ আমি খুশি। খুশিতে আমার কান্না পাচ্ছে। সালাহউদ্দিন স্যার আমাকে সময় দিয়েছেন, কথা শুনেছেন। আমি আমার সন্তানের মুক্তির জন্য আবেদন করতে পেরেছি। এই সরকার চলে যাওয়ার পরে আমরা যেন নতুন করে বাঁচতে পারি, এই কামনাই করছি।”

রিনা খানের আসল নাম সেলিমা সুলতানা। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। খলনায়িকা হিসেবে জনপ্রিয় হলেও বহু চলচ্চিত্রে তাকে পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

তিনি বলেন, “সংস্কৃতি অঙ্গনের মানুষ হয়েও শুধু রাজনৈতিক মতের কারণে আমাকে কার্যত পেশাগতভাবেও বঞ্চিত করা হয়েছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন