সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মানবতাবিরোধী অপরাধে সিটিটিসির সাবেক কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।

জুলাই-আগস্ট গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৮ জুন) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে, মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, আন্দোলনের সময় ইশতিয়াক আহমেদ রাজধানীর বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে বিক্ষোভকারীদের অবস্থান শনাক্ত করতেন। এরপর সেই তথ্য সরবরাহ করা হতো আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারপন্থী কর্মীদের কাছে। এসব তথ্যে ভিত্তি করে দমন-পীড়নের অভিযান চালানো হয় বলে অভিযোগ।

সাবেক পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ দীর্ঘদিন সিটিটিসি এবং সাইবার ফরেনসিক বিভাগে দায়িত্ব পালন করেন। জানা গেছে, তিনি সাবেক বিচারপতি আবু আহম্মেদ জমাদারের পুত্র। গত ২৯ এপ্রিল রাঙামাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মামলার আরেক আসামি হারুন অর রশীদ এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আদালত বলেছে, অভিযোগগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে এবং তদন্তে গাফিলতি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে আদালত তদন্ত সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন