বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বায়ু দূষণ কমাতে একসাথে দুটি বড় প্রকল্পে ৬৪ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,৮২২ কোটি টাকা) অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (১৯ জুন) সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “জ্বালানি নিরাপত্তা ও পরিষ্কার বায়ু বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে।”
এ প্রকল্পের আওতায় পেট্রোবাংলাকে সহায়তা দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়ানো হবে। এতে বিশ্বব্যাংকের গ্যারান্টির মাধ্যমে ২.১ বিলিয়ন ডলার পর্যন্ত বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করার সুযোগ সৃষ্টি হবে।
বিশ্বব্যাংকের অর্থায়ন পেট্রোবাংলার ঋণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে, ফলে দেশে গ্যাস সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে বায়ু দূষণ একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ২০১৯ সালে বায়ু দূষণজনিত স্বাস্থ্য ব্যয় ছিল দেশের জিডিপির ৮.৩ শতাংশ।
এই প্রকল্পের আওতায়:
-
দেশের বায়ুমান পর্যবেক্ষণ নেটওয়ার্ক শক্তিশালী করা হবে
-
শিল্প দূষণের রিয়েল-টাইম নিরীক্ষা চালু করা হবে
-
পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো হবে
এছাড়া, প্রকল্পের আওতায় পুরনো দূষণকারী বাস সরিয়ে দিয়ে চালু করা হবে ৪০০টি বৈদ্যুতিক বাস, যা ‘শূন্য-নির্গমন’ প্রযুক্তিতে চলবে। এই বাসগুলো পরিচালিত হবে একটি একীভূত ফ্র্যাঞ্চাইজি মডেলের আওতায় এবং গড়ে তোলা হবে প্রয়োজনীয় ডিপো, চার্জিং স্টেশন ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো।
বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প দুটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও টেকসই করে তুলবে। পরিবেশগত উন্নয়ন ও জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

