বলিউড সুপারস্টার আমির খান আবারও আলোচনায়—তবে এবার সিনেমার মুক্তির আগেই। বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে দর্শকদের মাঝে যখন কৌতূহল তুঙ্গে, তখন একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনার ঘূর্ণিতে পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা।
সিনেমাটির জন্য ১২০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১৬৯ কোটি) অফার করেছিল জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিও, তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমির খান নিজেই। তার সিদ্ধান্ত—সিনেমাটি আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এরপর স্ট্রিমিংয়ে যাবে।
চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, সিনেমা মুক্তির আগেই এমন বড় প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমির খান আর্থিকভাবে ঝুঁকি নিয়েছেন। বিশেষ করে তার আগের ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অনেকেই তাকে আরও হিসেবি সিদ্ধান্তের পরামর্শ দিচ্ছিলেন।
‘সিতারে জামিন পার’-এর ট্রেলার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্ক শুরু হয়। অনেকে দাবি করছেন, সিনেমার গল্প হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’ থেকে প্রভাবিত বা নকল। এছাড়া ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ট্রেলার মুক্তির আগে আমিরের ‘স্যালুট’কে অনেকেই দেখছেন লোক দেখানো প্রচারণা হিসেবে।
একাংশের মতে, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় আছেন আমির খান। অপরদিকে, ভক্তরা এখনও তার ওপর আস্থা রাখছেন এবং চাইছেন তিনি যেন পুরনো ফর্মে ফিরতে পারেন।
২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। এখন দেখার বিষয়—এই সিনেমা কি আমির খানের প্রত্যাবর্তনের গল্প লিখতে পারবে, নাকি বিতর্কই ছাপিয়ে যাবে মূল আসল কন্টেন্টকে?
