জুলাই আন্দোলনের স্বীকৃতি, মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের আল বারাকা মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এনসিপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, সদস্যসচিব আহসান উল্লাহ, সদস্য নাজমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে একটি স্পষ্ট বার্তা। কিন্তু আজও সেই আন্দোলনের স্বীকৃতি ও ত্যাগের মূল্যায়ন হয়নি।” তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান এবং রাজনৈতিক সহিংসতার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টি এসব দাবিকে কেন্দ্র করে সারাদেশে ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করছে বলেও জানান তারা।
মানববন্ধন শেষে এনসিপির নেতাকর্মীরা একটি মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে আগাম রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

