বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অডিও ফাঁসকে কেন্দ্র করে এনসিপি নেত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ প্রচারণা’, প্রতিবাদে দলটির নিন্দা

ডেস্ক রিপোর্ট।।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া একটি অডিও কলকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে ঘিরে ‘কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক’ প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এই অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত অপচেষ্টা—নারী রাজনীতিকদের রাজনৈতিক সক্ষমতাকে হেয় করার জন্য।”

বিবৃতিতে বলা হয়, অতীতেও এনসিপির নারী নেত্রীদের বিরুদ্ধে এ ধরনের অপমানজনক প্রচারণা চালানো হয়েছে। এসব কর্মকাণ্ড শুধুমাত্র নারীর প্রতি অবমাননা নয়, বরং নারী নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণকে দমন করার কৌশল।

এনসিপির দাবি, কিছু অনলাইন প্ল্যাটফর্ম, তথাকথিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মী এবং কিছু মিডিয়া ব্যক্তিত্ব এই অপপ্রচারে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। এমনকি একটি মূলধারার দৈনিক পত্রিকা তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে, যা তাকে জনপরিসরে আরও অরক্ষিত করে তুলেছে এবং যৌন নিপীড়নমূলক মন্তব্যকে উৎসাহ দিয়েছে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “এই ধরণের প্রচারণা অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে অনলাইন-অফলাইন সব ধরনের নারী নির্যাতক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করবে।”

সাম্প্রতিক সময়ে রাজনীতিতে নারীদের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে চরিত্র হননের ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের প্রপাগান্ডা নারীদের রাজনীতিতে নিরুৎসাহিত করে এবং গণতান্ত্রিক অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন