বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান খামেনির, ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবারের পর দেওয়া এটাই ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ, যা জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।

ভাষণে খামেনি বলেন, “ইরান মাথা নত করবে না। আমাদের প্রতিরক্ষা, আমাদের সম্মান—সবকিছু রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি দেশের সবস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খামেনির ভাষণ প্রচারের পর তেহরানের রাস্তায় দেখা যায় বিপুল সংখ্যক ইরানিকে, যাঁরা জাতীয় পতাকা হাতে গাড়িবহর নিয়ে মিছিল করেন। সরকারের প্রতি সমর্থন জানাতে এবং ‘বহিরাগত হুমকির’ প্রতিবাদে তারা একাত্মতা প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) দাবি, গত ২৪ ঘণ্টায় তিন ধাপে শতাধিক যুদ্ধবিমান দিয়ে তারা তেহরানসহ আশপাশের অঞ্চলে বিস্ফোরক হামলা চালিয়েছে।

এর জবাবে ইরান প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে অন্তত ৪০টি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এতে এখন পর্যন্ত ২৪ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিনিয়ত বোমা হামলার ঝুঁকিতে রয়েছে ইরানের রাজধানী তেহরান, যেখানে প্রায় ১ কোটির বেশি মানুষ বসবাস করে। শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকেই নিরাপদ আশ্রয়ের উদ্দেশে তেহরান ছাড়ছেন। এতে শহরের প্রধান রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পেট্রোল পাম্পগুলোতেও দীর্ঘ লাইন দেখা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই দেশেরই বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো পক্ষই নমনীয় অবস্থান নেয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন