বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলি নেতার হুমকি: পাকিস্তানের পরমাণু কর্মসূচি বন্ধের ডাক

ডেস্ক রিপোর্ট।।

ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রভাবশালী রাজনীতিক ও লেবার পার্টির সিনিয়র নেতা মেইর মাসরি। সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী হলেও বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই মাসরি। তবে নিরাপত্তা ও কূটনৈতিক ইস্যুতে তার মন্তব্য ইসরায়েলি নীতিনির্ধারকদের ভেতরের ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) আরবি ও উর্দু ভাষায় দেওয়া এক পোস্টে মাসরি বলেন, “ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।”

তার এই বক্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় ইসরায়েলকে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট—পাকিস্তানের দিকে তাকানোর সাহস কেরো না। সার্বভৌমত্ব রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি আরও জানান, পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত।

মাসরির পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ব্যবহারকারীরা তার বক্তব্যকে উসকানিমূলক বলে অভিহিত করেন এবং পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানান।

কিছু বিশ্লেষকের মতে, ইসরায়েলি নেতার এই মন্তব্য হয়তো সরাসরি হুমকি নয়, বরং কৌশলগত একটি বার্তা, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ইসরায়েলের সক্রিয় ভূমিকা তুলে ধরা হচ্ছে।

এর মধ্যেই কিছু গুজব ছড়ায় যে, ইরানে হামলার ঘটনা ঘটলে পাকিস্তান হয়তো ইসরায়েলের দিকে পারমাণবিক প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে পাকিস্তান সরকার এই ধরনের কোনো হুমকি বা প্রস্তুতির কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি কেবল একটি ব্যক্তিগত পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এটি বড় কূটনৈতিক জটিলতার সূচনা হতে পারে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ভারসাম্য রক্ষা করতে হলে এমন মন্তব্য থেকে বিরত থাকাই উত্তম।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন