জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় গঠনতন্ত্রের খসড়া অনুমোদন করেছে। নতুন গঠনতন্ত্রে দলীয় নেতৃত্বে মেয়াদ নির্ধারণসহ গণতান্ত্রিক কাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে। আগামী ২২ জুন নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করবে দলটি।
শুক্রবার (২০ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সদস্য সচিব আখতার হোসেন।
গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
-
নেতৃত্বে সীমাবদ্ধতা:
একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সভাপতি এবং দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন। -
ভোটে নির্বাচিত নেতৃত্ব:
সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন জাতীয় কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত। -
রাজনৈতিক পরিষদ:
১১ থেকে ১৫ সদস্যের একটি ‘রাজনৈতিক পরিষদ’ থাকবে, যেখানে কমপক্ষে ৩ জন নারী সদস্য থাকবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে সদস্য থাকবেন, বাকি ২ জন সদস্য মনোনয়ন পাবেন। -
ন্যাশনাল কাউন্সিল গঠন:
কেন্দ্র, জেলা ও উপজেলা কমিটির প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে জাতীয় কাউন্সিল। এই ফোরাম দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং রাজনৈতিক পরিষদ নির্বাচন করবে। -
কেন্দ্রীয় কমিটি:
সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলী ও বিভাগীয় সাংগঠনিকদের সমন্বয়ে গঠিত হবে কেন্দ্রীয় কমিটি। এর মেয়াদ ৩ বছর। -
নিবন্ধনের সিদ্ধান্ত:
সভায় নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধনের জন্য আবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নিবন্ধন সংক্রান্ত কাজে ইসির সঙ্গে যোগাযোগের জন্য মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তাকে সহায়তা করবেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী কাউন্সিলের আগে প্রয়োজনে গঠনতন্ত্রে সংশোধনী আনতে পারবে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি।

