অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ, চীন ও পাকিস্তান যৌথভাবে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে একমত হয়েছে। চীনের কুনমিংয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছে বেইজিং।
বৈঠকে অংশ নেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই নতুন উদ্যোগের মাধ্যমে তিন দেশ অর্থনীতি, বাণিজ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ একাধিক খাতে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্ত করতে চায়।
প্ল্যাটফর্মটি হবে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও অ-প্রতিরোধমূলক উদ্যোগ, যা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় বলে তিন দেশই জোর দিয়ে জানিয়েছে।
সেই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার, যা ভবিষ্যৎ প্রকল্প নির্ধারণ, পরিকল্পনা ও বাস্তবায়নে সমন্বয় করবে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (CPEC) সম্প্রসারণ এবং বাংলাদেশের সঙ্গে চীনের বর্ধিত অংশীদারিত্বকে কেন্দ্র করেই এই ত্রিপক্ষীয় উদ্যোগে গতি এসেছে।
বাংলাদেশের জন্য এটি একটি অর্থনৈতিক সুযোগ, তবে একইসাথে কৌশলগতভাবে ভারসাম্য বজায় রাখাও বড় চ্যালেঞ্জ হতে পারে—বিশেষ করে ভারতের ভূরাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে।

