ইসরায়েলি হামলার পর সাময়িক স্থবিরতা কাটিয়ে ইরানের রাজধানী তেহরানে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। আজ শনিবার (২১ জুন) থেকে রাজধানীর সব ব্যবসাপ্রতিষ্ঠান ও পেশাজীবী ইউনিয়নের কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে তেহরানের চেম্বার অব গিল্ডস।
চেম্বার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “রাজধানীর সব গিল্ড এবং পেশাজীবী সংগঠন তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকদের জন্য নিরাপদ।”
গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় টানা হামলা চালিয়ে আসছে। এসব হামলায় দেশটির কয়েকটি আবাসিক এলাকা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে রাজধানীর বাণিজ্যিক কার্যক্রমে। একপর্যায়ে শহরের বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। রাজধানী ছেড়ে যাওয়া বহু বাসিন্দা ইতোমধ্যে শহরে ফিরে এসেছেন, এবং তেহরানের বিভিন্ন রাস্তায় নাগরিকদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে।

