বহিষ্কার ও প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নতুনবাজার এলাকা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে নতুনবাজার মোড় থেকে কুড়িল বিশ্বরোড হয়ে বাড্ডাগামী সড়কে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
প্রথম দফায় বেলা ১০টা ৪৫ মিনিটে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। তবে কিছু সময়ের মধ্যেই শিক্ষার্থীরা আবার ফিরে এসে নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করেন। ফলে যান চলাচল ফের বন্ধ হয়ে যায়, জনদুর্ভোগ চরমে পৌঁছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনার পথে না গিয়ে একতরফাভাবে ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে ২৪ জনকে স্থায়ী বহিষ্কার করা হয় এবং ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বাকি একজনকে সতর্কবার্তা দেওয়া হয়।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ১৩ দফা যৌক্তিক দাবি জানিয়ে এলেও প্রশাসন সাড়া দেয়নি। বরং আন্দোলনকে দমনে কঠোর নীতি অনুসরণ করছে।
গত ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হয়, তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস এবং প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “আমরা প্রশাসনিক স্বচ্ছতা, বিচারিক প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে সমাধান চাই। বহিষ্কারই যদি একমাত্র উত্তর হয়, তাহলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।”
তারা জানান, বহিষ্কার আদেশ প্রত্যাহার, স্বচ্ছ তদন্ত কমিটি গঠন, এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ ঘটনায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় ঘিরে যানজট তৈরি হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি শান্ত রাখতে সংলাপের চেষ্টা চলছে। তবে শিক্ষার্থীরা সরতে রাজি না হওয়ায় পুনরায় সড়ক বন্ধ হয়ে যায়।

