সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মায়ের মৃত্যু, চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইমরানের

ডেস্ক রিপোর্ট।।

চলে গেলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা‘র মা মাসুদা হক। শুক্রবার (২০ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন মাসুদা হক। মেয়ের কাছের মানুষ হয়েই শেষ দিনগুলোতে যতটা সম্ভব মায়ের সেবায় ছিলেন অর্ষা। ব্যক্তিগত জীবনে মায়ের অসুস্থতা সামলাতে গিয়ে তিনি শোবিজ থেকে খানিকটা দূরে সরে যান।

এই শোকের সময়েই হাসপাতালের সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,

“ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর হলে হাসপাতালে যাবেন না।”

তিনি আরও লেখেন,

“সাংবাদিকদের বলব—ফোন আর মাইক নিয়ে রিসোর্ট বা পার্কে না গিয়ে, হাসপাতালে ঘুরে দেখুন। সেবা নেই কোথাও। সব জায়গায় কেবল টাকার খেলা। সরকারি বা বেসরকারি—সবখানেই দুর্নীতি, দায়িত্বহীনতা ও নোংরা রাজনীতি।”

অর্ষা ও ইমরান একসঙ্গে অভিনয় করেছেন ‘জাহান’, ‘সাহস’-এর মতো চলচ্চিত্রে। এছাড়া অর্ষা ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাবরিনা’, ‘১৯৭১ সেই সব দিন’ প্রভৃতি আলোচিত প্রজেক্টে কাজ করেছেন। দুই দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন শতাধিক নাটকে।

অন্যদিকে, ইমরান ‘মহানগর’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা ‘মলয়’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এছাড়া ‘কাইজার’, ‘জাহান’-সহ একাধিক ওয়েব কনটেন্টে তাকে দেখা গেছে।

অর্ষা ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন শোবিজ অঙ্গনের সহকর্মীরা। সামাজিক মাধ্যমে বহু সহকর্মী ও শুভানুধ্যায়ী তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন