জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকলেও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের আগে প্রয়োজন সার্বিক রাজনৈতিক সংস্কার ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা।
শনিবার (২১ জুন) বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন,
“দলীয় সরকারের অধীনে দেশে কখনোই নিরপেক্ষ নির্বাচন হয়নি। নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।”
তিনি আরও বলেন,
“জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে হলে আগে স্থানীয় নির্বাচন হতে হবে। কিন্তু তার আগে দরকার নির্বাচনী ব্যবস্থার কাঠামোগত সংস্কার ও সমতা নিশ্চিত করা।”
বক্তব্যে তিনি সরকার ও প্রশাসনের ভেতর-বাইরের “ফ্যাসিবাদী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী” সম্পর্কে সতর্ক করেন। রফিকুল ইসলাম দাবি করেন,
“জামায়াত নেতাদের বিচারের নামে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। যারা এতে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন,
“কিছু গোষ্ঠী পোশাক পাল্টে আজও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন—
-
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,
-
জেলা নায়েবে আমির মাহাবুবুল আলম,
-
সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

