বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন কৌশলে ইরানের পাল্টা জবাব, চাপে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও

ডেস্ক রিপোর্ট।।

নবম দিনে পা রেখেছে ইরান-ইসরায়েল সংঘাত। টানা হামলা আর পাল্টা জবাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সামরিক সক্ষমতা নিয়ে এই দ্বন্দ্বে এবার রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে ইরান। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে টার্গেট নির্ভুল করার দিকে জোর দিচ্ছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (২১ জুন) সিএনএনের এক প্রতিবেদনে ইরানের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দেশটি এখন সংখ্যার চেয়ে কার্যকারিতার ওপর জোর দিচ্ছে। ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ‘নির্ভুল ও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র’ ছোড়া হচ্ছে, যা বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও চ্যালেঞ্জে ফেলছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলো ক্লাস্টার বোমা বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত উচ্চতায় পৌঁছে অন্তত ২০টি বিস্ফোরক অংশে বিভক্ত হয়ে ৮ কিলোমিটারের বেশি এলাকায় আঘাত হানতে পারে।

ইরানের এক কমান্ডার দাবি করেছেন, তাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা—থাড, প্যাট্রিয়ট, আয়রন ডোমসহ—সব ভেদ করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে। যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তু প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, গত আট দিনে ইরানের এই ধারাবাহিক হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় ফাটল ধরেছে। এতটাই যে, প্রধানমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেন সরাসরি সংঘাতে যুক্ত হয়। ইসরায়েলের সাধারণ জনগণও ট্রাম্প প্রশাসনের কাছে একই অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই সরাসরি হামলায় না গিয়ে আরও দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছেন।

ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর জন্য এটি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। একমাত্র উপায়—যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। কিন্তু ট্রাম্পের বিলম্বিত অবস্থান নেতানিয়াহুর কৌশলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

হারেৎজ পত্রিকার কলামিস্ট গিডিয়ন লেভি লিখেছেন, “বর্তমান প্রেক্ষাপটে নেতানিয়াহুর জন্য দুই সপ্তাহ মানে একেবারে অনিশ্চিত ভবিষ্যৎ।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন