ইসরাইলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। ইরানের ওপর চালানো ইসরাইলি হামলাকে ‘অঞ্চল ধ্বংসের সূচনা’ হিসেবে অভিহিত করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, এখনই পদক্ষেপ নেওয়ার সময়।
শনিবার (২১ জুন) ইস্তানবুলে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান। সেখানে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে হাকান ফিদান বলেন,
“ইসরাইলের সাম্প্রতিক হামলা শুধু ইরানের ওপর নয়, বরং গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। এই আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানো এখন নৈতিক দায়িত্ব।”তিনি আরও বলেন,
“এই সংঘাত থামাতে শুধু নিন্দা নয়, কার্যকর পদক্ষেপও জরুরি। বিশ্বশক্তি এবং মুসলিম দেশগুলোর সম্মিলিত অবস্থানেই কেবল এই সহিংসতা রোধ সম্ভব।”
ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও উপস্থিত ছিলেন। জানা গেছে, তিনি দিনকয়েক আগে জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও আলোচনা করেছেন ইসরাইল-ইরান উত্তেজনা প্রসঙ্গে।
বিশ্লেষকরা বলছেন, ইস্তানবুল বৈঠকে তুরস্কের পক্ষ থেকে এই ধরনের শক্ত বার্তা ইরানকে কূটনৈতিকভাবে সাহস দিচ্ছে, একই সঙ্গে মুসলিম বিশ্বে ইসরাইলবিরোধী ঐক্য গড়ার সম্ভাবনাও তৈরি করছে।

