সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সোমবার (২৩ জুন) দুই ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা দাবি করছেন, এ অধ্যাদেশ বৈষম্যমূলক এবং তা তাদের চাকরির নিরাপত্তা ও মর্যাদার জন্য হুমকি তৈরি করছে।
রোববার সচিবালয়ের ভেতরে এক বিক্ষোভ কর্মসূচিতে এ কর্মবিরতির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। সকাল সাড়ে ১১টায় অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল সচিবালয়ের বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা নানা স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন—
‘কালো আইন মানি না, মানবো না’,
‘আমাদের দাবি মানতে হবে’,
‘ফ্যাসিবাদী আইন বাতিল কর’,
‘সারা বাংলার কর্মচারী, এক হও লড়াই করো’— এমন নানা শ্লোগানে মুখর হয়ে উঠে সচিবালয় চত্বর।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মচারীরা।
এ বিষয়ে ঐক্য ফোরামের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

