রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সংক্রমণের ঝুঁকিতে এইচএসসি পরীক্ষার্থীরা, সময়সূচি পেছানোর দাবিতে রাজপথে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।

করোনাভাইরাস এবং ডেঙ্গুর নতুন ঢেউয়ে বিপর্যস্ত দেশের অনেক এলাকা। এই অবস্থায় আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রবিবার দুপুরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানান।

দুপুর সোয়া ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীদের মুখে ছিল স্পষ্ট দাবি—আপাতত পরীক্ষা স্থগিত করতে হবে। তাদের ভাষায়, “এ মুহূর্তে স্বাস্থ্য ও সুরক্ষা বড় বিষয়। করোনার সংক্রমণ আবার বাড়ছে, ডেঙ্গু পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই। অনেকেই আক্রান্ত। এখন পরীক্ষা নিলে সেটা শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ হবে।”

বিক্ষোভে অংশগ্রহণকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন—

  1. এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে হবে।

  2. জুলাই মাসজুড়ে সৃষ্ট শিক্ষাক্ষতির জন্য প্রস্তুতির সময় দিতে হবে।

  3. পরীক্ষা পদ্ধতিতে নমনীয়তা এনে এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাসের সুযোগ রাখতে হবে। একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত ৩৩ দফা নির্দেশনা বাতিল করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

ঢাকা শিক্ষা বোর্ড শেষ মুহূর্তে ১৮-১৯ জুন পর্যন্ত ফরম পূরণের সময় বাড়িয়েছে, ফলে পরীক্ষার্থী সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিক্ষোভ চললেও শিক্ষা বোর্ড এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো ইঙ্গিত দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেন, “সবকিছু নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। প্রস্তুতি সম্পন্ন।”

অন্যদিকে, শিক্ষার্থীরা জানান, তাদের দাবি অগ্রাহ্য হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে প্রস্তুত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন