রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শান্তির মিশনে নারী পুলিশের অগ্রযাত্রা: জাতিসংঘেও উড়ছে লাল-সবুজ

ডেস্ক রিপোর্ট।।

পুরুষের পাশাপাশি এখন সমানতালে এগিয়ে চলেছে দেশের নারী পুলিশ সদস্যরা। থানার দায়িত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন— সবখানেই তারা দৃঢ় পদচারণায় প্রতিষ্ঠা করছেন নিজেদের। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশি নারী পুলিশের ভূমিকা বিশ্বজুড়ে আলোচিত।

১৯৭৪ সালে মাত্র ১৪ জন সদস্য দিয়ে যাত্রা শুরু করা নারী পুলিশের সংখ্যা এখন ১৭ হাজার ছাড়িয়েছে। দেশে ও বিদেশে, মাঠে ও প্রশাসনে, অপারেশনাল ইউনিট থেকে স্পেশাল ব্রাঞ্চ— সর্বত্রই এখন দৃশ্যমান তাদের সক্রিয় অংশগ্রহণ।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ অংশ নিচ্ছে ১৯৮৯ সাল থেকে। ২০০০ সাল থেকে যোগ দেন নারী সদস্যরা। এখন পর্যন্ত মিশনে অংশ নিয়েছেন ১,৯২৫ জন নারী পুলিশ সদস্য, যাদের মধ্যে বর্তমানে বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছেন ৭৩ জন।

দক্ষিণ সুদান, কঙ্গো, মালি, দারফুর ও জাতিসংঘ সদর দপ্তর— নারী সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিশ্বের নানা প্রান্তে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন,

“নারী পুলিশ সদস্যরা এখন শুধু সহায়ক নয়, নেতৃত্বও দিচ্ছেন। তারা জাতিসংঘ মিশনে গিয়ে নারী ও শিশুদের সুরক্ষা, লিঙ্গবৈষম্য মোকাবিলা, সহিংসতা প্রতিরোধে কাজ করছেন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ পুলিশের এই ভূমিকা প্রশংসিত হচ্ছে।”

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে অনেক নারী সদস্যই হয়েছেন কমিউনিটির রোল মডেল। শুধু আইনশৃঙ্খলা নয়, তারা স্থানীয় নারীদের ক্ষমতায়নেও কাজ করছেন সক্রিয়ভাবে।

পুলিশের বিভিন্ন ইউনিটে এখন কাজ করছেন ১৭,২৮০ নারী সদস্য। এর মধ্যে বিসিএস ক্যাডারে আছেন ৩০৮ জন। বিভিন্ন পদে আছেন:

  • ডিআইজি: ৫ জন

  • অতিরিক্ত ডিআইজি: ৩৮ জন

  • পুলিশ সুপার: ৮০ জন

  • অতিরিক্ত পুলিশ সুপার: ১২১ জন

  • এএসপি: ৬৫ জন

  • ইন্সপেক্টর: ১৩০ জন

  • এসআই, সার্জেন্ট, কনস্টেবল সহ আরও হাজারো নারী সদস্য

ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিট থেকে শুরু করে সারাদেশের ভিকটিম সাপোর্ট সেন্টারগুলোও পরিচালিত হচ্ছে নারী নেতৃত্বে। সার্কেল এএসপি ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদেও আছেন বহু নারী।

প্রথম নিয়োগের পর প্রায় দুই বছর পর্যন্ত ছিল না নির্ধারিত ইউনিফর্ম। ১৯৭৬ সালে মিলেছে ইউনিফর্ম। ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার পদে প্রথম নারী নিয়োগ পান ফাতেমা বেগম। এরপর থেকেই শুরু হয় নারী সদস্যদের পথচলা উচ্চ পর্যায়ের নেতৃত্বের দিকে।

আজ সেই নারীরাই নেতৃত্ব দিচ্ছেন থানা, সার্কেল, এমনকি জাতিসংঘের মিশনেও।

  • জাতিসংঘ মিশনে অংশ নিয়ে এ পর্যন্ত ২৩ জন পুলিশ সদস্য শহীদ হয়েছেন, যাদের মধ্যে নারীও রয়েছেন

  • ২০০৫ সাল থেকে ফর্মড পুলিশ ইউনিট পাঠানো শুরু

  • ২০১১ সাল থেকে কঙ্গোতে নারী ফর্মড ইউনিট

  • ২০১৯ সাল থেকে নারী অফিসাররা গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন