রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে শেখ হাসিনা ও সাবেক সিইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা

ডেস্ক রিপোর্ট।।

২০০৮ সালের পর টানা তিনটি জাতীয় নির্বাচনে ‘কারচুপি ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা দখলের’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এ মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সাবেক মহাপরিদর্শক ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান কর্মকর্তারাও।

রবিবার (২২ জুন) দুপুর ১১টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান। মামলার নম্বর: ১১/২০২৫।

মামলায় দাবি করা হয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে “রাতের আঁধারে ভোট সম্পন্ন করে, প্রশাসনের শক্তি ব্যবহার করে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।” অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশনের ভূমিকা ছিল পক্ষপাতদুষ্ট এবং নিরাপত্তা বাহিনী হয়েছে ক্ষমতাসীন দলের রাজনৈতিক হাতিয়ার।

বাদী সালাহ উদ্দিন খান বলেন,

“দিনের ভোট রাতে করে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আমরা চাই, এসব নির্বাচন যারা পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করেছেন, তারা আইনের আওতায় আসুন।”

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—

  1. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  2. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

  3. তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার: কাজী রকিব উদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল

  4. সাবেক নির্বাচন কমিশনাররা

  5. সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক ও জাবেদ পাটোয়ারী

  6. গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা (ডিজিএফআই, এনএসআই, এসবি)

  7. নির্বাচন কমিশনের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তারা

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন,

“মামলায় অভিযোগ রয়েছে—নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রশাসনের সদস্যরা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছেন। আমরা অভিযোগটি গ্রহণ করেছি। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি দাবি করেছে, এটি শুধু রাজনৈতিক মামলা নয়, বরং ‘ভোটের অধিকার পুনরুদ্ধার ও জবাবদিহিতার’ একটি প্রচেষ্টা।
২০১৮ সালেও দলটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছিল। তবে তৎকালীন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মামলা দেশে এক নজিরবিহীন ঘটনা। বিষয়টি আইনত কতটা টিকবে, তা নিয়ে প্রশ্ন থাকলেও এটি ক্ষমতাসীনদের ওপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখছেন অনেকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন