রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মৌসুমী নুসরাত সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ডেস্ক রিপোর্ট।।

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর ফাঁকির অভিযোগে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ মোট ২৫ জন তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে সংস্থাটি।

এনবিআরের কর অঞ্চল-১২ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বহুবার তাগাদা দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে আয়কর না দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট তারকারা আয় গোপন করেছেন এবং বারবার নোটিশ দেওয়ার পরও কর পরিশোধে ব্যর্থ হয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন—চিত্রনায়িকা মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে।

এনবিআরের এক কর্মকর্তা জানান, “আমরা ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত হিসাব বিশ্লেষণ করে দেখেছি, অনেক তারকার আয়কর দাখিল ও পরিশোধে গুরুতর অনিয়ম রয়েছে। কয়েকজন এরই মধ্যে যোগাযোগ করে সময় চেয়েছেন, আবার কেউ কেউ বকেয়া পরিশোধে সম্মতি দিয়েছেন।”

এদিকে তারকাদের মধ্যে অনেকে জানিয়েছেন, বিষয়টি ‘বোঝাপড়ার ভুল’ হতে পারে এবং তারা আইন অনুযায়ী কর পরিশোধ করবেন।

শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া

এ ঘটনায় বিনোদন জগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তারকাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণের আগে আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, অন্যদিকে কেউ বলছেন—আইনের চোখে সবাই সমান।

প্রসঙ্গত, কর ফাঁকি ও সম্পদের গোপন তথ্য অনুসন্ধানে গত কয়েক মাস ধরে এনবিআর বিশেষ নজরদারির আওতায় রেখেছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের। এই উদ্যোগের অংশ হিসেবেই জব্দ করা হলো ২৫ জন তারকার ব্যাংক হিসাব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন