সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ, দলে চমক নাইম-শামীম

ডেস্ক রিপোর্ট।।

ওয়ানডে দলের নেতৃত্বে বড় এক পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট ও ফর্ম বিবেচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবালের বাইরে থাকা অবস্থায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অধীনেই আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত হয়েছে ১৬ সদস্যের দল, যেখানে বেশ কিছু নতুন মুখ ও প্রত্যাবর্তন রয়েছে।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ। ২০২৩ সালের পর ওয়ানডে ফরম্যাটে আর খেলেননি তিনি। তবে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মের কারণে নির্বাচকদের নজরে পড়ে গেছেন — ১১ ইনিংসে ৬১৮ রান করে দলে জায়গা করে নিয়েছেন। নাইমের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন সৌম্য সরকার।

অপরদিকে, মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীকেও রাখা হয়েছে মূল স্কোয়াডে, যা কিছুটা বিস্ময়কর মনে করছেন বিশ্লেষকরা। মাত্র ৪ ওয়ানডেতে ১৬ রান করা শামীম সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করতে পারেননি। এরপরও তার দলে থাকা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার নুরুল হাসান সোহানের অনুপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে।

দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুইজনই এর আগে টি-টোয়েন্টিতে অভিষেক করলেও এখনো ওয়ানডে খেলেননি। এই সিরিজেই তাদের অভিষেক হতে পারে বলে আভাস মিলছে।

চোট কাটিয়ে ফিরেছেন লিটন দাস, থাকছেন জাকের আলী অনিকও। অলরাউন্ড ব্যালান্সের দিকটি মাথায় রেখেই দল সাজানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচক প্যানেল।

 বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড (শ্রীলঙ্কা সিরিজ ২০২৫):

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন