মালয়েশিয়ায় অবৈধ ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে ২৭ জন বাংলাদেশিসহ ৩৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে অংশ নেয় ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ইউনিট ও জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)।
বৃহস্পতিবার (১৯ জুন) সেলাঙ্গরের পুলাউ ইন্দাহ এলাকায় অবস্থিত একটি অবৈধ কারখানায় এ অভিযান চালানো হয়।
রোববার (২২ জুন) মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান,
“জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দুই সপ্তাহ নজরদারির পর এই অভিযান চালানো হয়েছে।”
তিনি আরও বলেন,
“মোট ৪২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৩৯ জনই বিদেশি এবং ৩ জন স্থানীয় নাগরিক।”
আটকদের মধ্যে রয়েছেন:
-
২৭ জন বাংলাদেশি পুরুষ, বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে
-
৪ জন চীনা পুরুষ ও ১২ জন চীনা নারী নাগরিক
তাদের ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর ৩৯ (বি) ধারার অধীনে গ্রেফতার দেখানো হয়েছে। আটক অভিবাসীদের বর্তমানে মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
বলা হচ্ছে, ওই কারখানায় কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশি শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল, যা মালয়েশিয়ার শ্রম আইন এবং পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

