বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের হামলায় যুদ্ধের মোড়: ট্রাম্পকে কীভাবে পাশে টানলেন নেতানিয়াহু?

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে। শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে সীমিত পাল্টা হামলা চলছিল। তবে ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর বদলে গেছে পুরো যুদ্ধের ছক। নতুন করে সামনে এসেছে এক প্রশ্ন— কীভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে সক্ষম হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু?

টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদন বলছে, নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অন্যতম কৌশলগত সাফল্য ছিল এই যুদ্ধজোট গঠন। ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে এক বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পকে মনে করিয়ে দেন, ইরান একসময় তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। একইসঙ্গে তিনি একটি প্রেজেন্টেশন দেখান, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, “আপনার মেয়াদে পরমাণু ইরান হতে দেওয়া যাবে না। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।” যদিও শুরুতে ট্রাম্প সরাসরি যুদ্ধ চাননি। তিনি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী স্টিভ উইটকফকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেন।

ইসরায়েল ৬০ দিনের সময় দেয় আলোচনার জন্য। কিন্তু সেই সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হওয়ায় নেতানিয়াহু দাবি করেন, ইরান শুধুই সময়ক্ষেপণ করছে। ৩১ মে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানায়, ইরান গোপনে পারমাণবিক উপকরণ সমৃদ্ধ করছে।

এ তথ্যের ভিত্তিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, ইরান আসলে গোপনে বোমা তৈরির পথে অনেকদূর এগিয়ে গেছে।

তবে মার্কিন গোয়েন্দা সংস্থা শুরুতে সে দাবি প্রত্যাখ্যান করে। মার্চে কংগ্রেসে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বলেন, ইরান এখনো পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

৬০ দিন সময়সীমা পার হওয়ার পর ইসরায়েল ইরানে একক হামলার হুমকি দেয়। পাল্টা প্রতিক্রিয়া আসে তাত্ক্ষণিকভাবে। এরপরই যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামের এক অভিযানে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোট এই মুহূর্তে যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখান থেকে পিছু হটা কঠিন হয়ে পড়েছে।
এটি একটি দীর্ঘমেয়াদি ও বৃহৎ অঞ্চলে বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতিতেও।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন