ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’ একদিকে যেমন মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া ফেলেছে, অন্যদিকে সিনেমাটি মুক্তির কয়েক দিনের মধ্যেই পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে এর এইচডি সংস্করণ ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার।
গতকাল (২২ জুন) রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তাণ্ডব’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে শাকিব খান বলেন,
“বাংলা সিনেমার অগ্রযাত্রা আজ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিকভাবেও ছড়িয়ে পড়ছে। এই অবস্থান সহ্য করতে পারছে না একটি চক্র, যারা পরিকল্পিতভাবে আমাদের সফল সিনেমাগুলোর ক্ষতি করছে।”
শাকিব আরও বলেন,
“একই কাজ হয়েছিল আমার ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও। এবার ‘তাণ্ডব’-এর এইচডি সংস্করণ পাইরেসি করে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার প্রভাব ভয়াবহ। এটা শুধু বিনোদন জগতের বিরুদ্ধে নয়, দেশের সংস্কৃতি ও শিল্পের বিরুদ্ধেও ষড়যন্ত্র।”
তবে হতাশ না হয়ে দর্শকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
“দর্শকরা পাইরেসির পরও হলে গিয়ে সিনেমা দেখছেন। এটা একটা সংগ্রাম—সিনেমাকে বাঁচানোর আন্দোলন। এজন্য আমি দেশের সিনেমাপ্রেমীদের প্রতি কৃতজ্ঞ।”
‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে দুটি চরিত্রে—স্বাধীন ও মিখাইল। উভয় চরিত্রেই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। তার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ারসহ আরও অনেকে।
শাকিব খান বলেন,
“সংস্কৃতি একটি জাতির পরিচয়। যে জাতি সাংস্কৃতিকভাবে শক্তিশালী, সেই জাতিই এগিয়ে যায়। আমাদের চলচ্চিত্র যখন সেই পথে এগোচ্ছে, তখনই পাইরেসির মতো অপরাধ দিয়ে একে ধ্বংসের চেষ্টা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

