রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন পর্ব: কাতার ও ইরাকে হামলা

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও একধাপ বাড়লো। কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার ‘প্রত্যুত্তর’ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।

বিশ্বখ্যাত সংবাদমাধ্যম আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে জানা যায়, কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদ-এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরাকেও একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড দাবি করেছে, “আমরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিয়েছি। প্রতিটি হামলার জবাব দেবে ইরান। তবে এটি একটি সতর্কতা—আর নয়।”

শুধু প্রতিশোধ নয়, ইরান এই হামলাকে “কৌশলগত আত্মরক্ষামূলক পদক্ষেপ” বলেও উল্লেখ করেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে কাতার সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, আল-উদেইদ ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় ছিল এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলি প্রতিহত করেছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে এই হামলার ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নয়, বরং ইসরাইল-ইরান সংঘাতকেও নতুন মাত্রা দিতে পারে।
এই ঘটনার ফলে কুয়েত, বাহরাইন, ওমানসহ একাধিক উপসাগরীয় রাষ্ট্র তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন