সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত? কলম্বোতে মুখ খুললেন বিতর্কের মাঝেই

ডেস্ক রিপোর্ট।।

গল টেস্ট শেষ করে কলম্বোতে পা রেখেই নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েন নাজমুল হোসেন শান্ত। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি। ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পর থেকেই এমন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে।

সোমবার কলম্বোর সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শান্ত সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর জবাব ছিল কৌশলী—
“আলোচনা তো এ টেস্টের আগে থেকেই হচ্ছে। আলোচনা হচ্ছে, হতে থাক। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

তিনি আরও বলেন,
“এ মুহূর্তে টেস্ট ম্যাচটাই গুরুত্বপূর্ণ। ভালোভাবে খেলতে চাই, দলের জন্য অবদান রাখতে চাই।”

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর শান্তকে তিন সংস্করণেই দায়িত্ব দিয়েছিল বিসিবি। যদিও ২০২৪ সালে মেয়াদ শেষ হলেও তৎকালীন সভাপতি ফারুক আহমেদ তাঁর ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু বোর্ডে নতুন সভাপতি আসার পর বদলে যায় চিত্র।
শ্রীলঙ্কা সফরের ঠিক আগমুহূর্তে শান্তকে জানানো হয়, ওয়ানডে অধিনায়ক হিসেবে আর রাখা হচ্ছে না। তার স্থলে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হয়।

বিশ্বস্ত সূত্র বলছে, এই সিদ্ধান্তে আহত হয়েছেন শান্ত। তাই টেস্ট নেতৃত্ব নিয়েও ভাবছেন তিনি।

গল টেস্টে জোড়া সেঞ্চুরি করেও শান্ত সমালোচনার মুখে। বিশেষ করে শেষ দিন মুশফিকুর রহিমের সঙ্গে ধীরগতির ব্যাটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে শান্ত বলেন,
“আমি নিশ্চয়তা দিতে পারি, ড্রেসিংরুমে কেউ ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলেনি। মুশফিক ভাই এক রান করলে বা না করলেই তাঁর ক্যারিয়ার বদলে যেত না। সিদ্ধান্তটা দলগত ছিল, তবে বৃষ্টির কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি।”

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে, এখনো শান্ত কোনো ধরনের পদত্যাগপত্র জমা দেননি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও নিশ্চিত করে কিছু বলেননি শান্ত। ফলে তাঁর সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তা থাকছেই। টেস্ট সিরিজ শেষেই হয়তো পাওয়া যাবে চূড়ান্ত জবাব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন