রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন: বেইজিংয়ে বৈঠক শেষে জানালেন ফখরুল

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছে চীন। একই সঙ্গে ভবিষ্যতে গঠিত নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে দেশটি। এমন তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ জুন) বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফখরুল বলেন,
“চীনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব চায়। বিশেষ করে ভবিষ্যতের যেকোনো বৈধ ও প্রতিনিধিত্বশীল সরকারের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।”

বিএনপি মহাসচিব আরও জানান, বৈঠকে বাংলাদেশে কৃষি, স্বাস্থ্য, গার্মেন্টস, অবকাঠামো ও শিল্পখাতে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
“বিশেষ করে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি তৈরি এবং বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে গুরুত্ব দিয়েছি আমরা,” বলেন তিনি।

বিএনপি নেতারা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘ঐতিহাসিক ও কৌশলগত’ বলে আখ্যায়িত করেছে চীন। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে শ্রদ্ধা করে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশা করে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইশরাক হোসেনসহ অন্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন