রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

উখিয়ায় পানচাষিকে গুলি করে হত্যা, স্বর্ণালঙ্কার লুট করে পালাল ডাকাতদল

ডেস্ক রিপোর্ট।।

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি এলাকায় ডাকাতির ঘটনায় এক পানচাষি নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল আমিন বাবলু। সোমবার (২৩ জুন) রাতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইল এলাকায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় তার ভাই হাসান ছুরিকাঘাতে আহত হয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতে পরিবারটি পান বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ৭-৮ জনের একটি ডাকাতদল হঠাৎ ঘরে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নারীদের গায়ে থাকা স্বর্ণালঙ্কার লুটে নেয়।

এরপর ডাকাতরা পাশের বাড়িতে থাকা ভাই হাসানকে জিম্মি করে আটকে রাখে।

কিছুক্ষণ পর বাড়িতে ফেরেন নুরুল আমিন। তিনি বাড়ির দরজা খুলে ডাকাডাকি করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। এ সময় বাধা দিতে গেলে ভাই হাসানকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরিবারের সদস্যরা আহত দুই ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি পাহাড়ি এলাকায় ডাকাতি ও চুরি বেড়েছে। তারা দ্রুত এসব ঘটনার বিচার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন