কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ ও কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কাতারের দাবি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই হামলা কেবল কাতারের নিরাপত্তাই নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।
কাতার জানায়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তারা এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। কূটনৈতিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
ঘটনার পরপরই দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার সরকার। তলবে হামলার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং কাতারের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এর আগে সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল-উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে। কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার ধারাবাহিকতায় কাতার নতুন করে বিব্রত অবস্থায় পড়েছে। আল-উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

