রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান লিটনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোয়েবুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ ও ৩ জুলাই।
আদালত সূত্রে জানা গেছে, আনিছুর রহমান লিটনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হক মুন্না হত্যা মামলা এবং রিকশাচালক আবু সাইদকে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
-
তিনি মুন্না হত্যা মামলায় ৮৮ নম্বর এবং
-
সাইদ হত্যা চেষ্টা মামলায় ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
গত ২২ জুন (রবিবার) যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তাকে মঙ্গলবার কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়।
আনিছুর রহমান লিটন ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য। তার গ্রেপ্তার ও মামলাগুলোর বিষয়ে দলীয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

