মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নিষেধ সত্ত্বেও ইরানের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্কাই নিউজের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে ইরানের বাবোলসারে রাডার সাইট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বাবোলসার শহরটি তেহরানের উত্তরে, কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত।
ট্রাম্প এর আগে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইসরায়েলকে সরাসরি সতর্ক করে বলেছিলেন, “ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যুদ্ধবিরতি ভেঙো না। পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো।”
তবে ফোনালাপের মাধ্যমে নেতানিয়াহুকে থামাতে চাইলেও, তার সে আহ্বান উপেক্ষিতই থেকে যায়।
ইরানি সংবাদমাধ্যম মিজান ও শার্গ জানিয়েছে, রাজধানী তেহরানেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল কি না, তা নিশ্চিত নয়।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর জানান, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় ৬১০ জন নিহত এবং ৪,৭৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ১৩ শিশু ও ৪৯ নারী, যাদের মধ্যে দুজন গর্ভবতী ছিলেন।
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাতটি হাসপাতাল ও নয়টি অ্যাম্বুলেন্স। নিহত হয়েছেন পাঁচজন স্বাস্থ্যকর্মী এবং আহত হয়েছেন আরও ২০ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয়ের অভাব এবং মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, “ট্রাম্প এই হামলায় ‘নাখুশ’।”

