বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ ‘ভাড়াটে’ সেনাদের গ্রেফতার করেছে ইরান

ডেস্ক রিপোর্ট।।

ইরানের নিরাপত্তা বাহিনী গত ১২ দিনের সংঘর্ষের সময় দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ৭০০ জনকে গ্রেফতার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তাদের ‘ইসরায়েলের ভাড়াটে সেনা’ বলেও বর্ণনা করা হচ্ছে।

ফার্স-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রেফতারকৃতদের অনেকেই একটি সংঘবদ্ধ গুপ্তচর নেটওয়ার্কের সদস্য। তাদের শনাক্তকরণে স্থানীয় জনগণ এবং গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সহায়তা করেছে।

অভিযান চালানো হয়েছে কেরমানশাহ, ইসফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান প্রদেশে। তবে রাজধানী তেহরানে কতজন আটক হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ স্বীকার করেছে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এক গোপন মিশনের অংশ হিসেবে ইরানের অভ্যন্তরে অভিযান চালিয়েছে। গত ১৩ জুন ইরানের উপর ইসরায়েলের ড্রোন হামলার প্রস্তুতির ভিডিও প্রকাশ করেছিল মোসাদ, যা ইরানের নিরাপত্তা হুমকির মাত্রা বাড়িয়ে তোলে।

ইরান সরকারের দাবি, অনলাইনে ইসরায়েলপন্থী পোস্ট শেয়ার করায় অনেক সাধারণ নাগরিককেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ— “সমাজের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করা”।

তেহরানের প্রসিকিউটর অফিসে ইতোমধ্যে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে, যারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে।

ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষের শুরু থেকে একাধিক ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

বিশেষজ্ঞদের মতে, ইরান-ইসরায়েল বিরোধ এখন আর সরাসরি সামরিক সংঘর্ষেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক বিস্তৃত গোয়েন্দা ও তথ্যযুদ্ধের রূপ নিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন