বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত, আইডিএফের দাবি

ডেস্ক রিপোর্ট।।

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সাত ইসরায়েলি সেনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময়, যখন সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান রুটিন অভিযানে অংশ নিচ্ছিল। পথিমধ্যে তীব্র বিস্ফোরণে যানটি আগুনে পুড়ে যায়, জানায় আইডিএফ।

আইডিএফ-এর দাবি, সাঁজোয়া যানটির সঙ্গে অগ্রিম সংযুক্ত করা বিস্ফোরক থেকেই এই ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান সাত সেনা, যাদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে। এদের সবার বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।

একই দিনে আরও একটি হামলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) ছোড়া হয়। এতে দুই সেনা আহত হন। তবে সে ঘটনায় কারো মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে আইডিএফ।

উল্লেখ্য, গাজার খান ইউনিস শহর ইসরায়েলের সাম্প্রতিক অভিযানগুলোর মূল ফোকাস হয়ে উঠেছে। সেখানে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সহিংস সংঘর্ষ চলছে।

গাজায় ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার সামরিক ও বেসামরিক টার্গেটের মধ্যে পার্থক্য রাখার আহ্বান জানিয়ে আসছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন