চীন সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে রাজনৈতিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (CPC)। একইসঙ্গে, বিএনপির পক্ষ থেকে ‘এক চীন নীতি’র প্রতি স্পষ্ট সমর্থন জানানো হয়, যা চীনা কর্মকর্তাদের তরফ থেকে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ জুন) CPC-এর আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও‘র সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে বিএনপি নেতারা প্রেসিডেন্ট শি জিনপিং-এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর প্রশংসা করে বলেন, এটি বিশ্বব্যাপী উন্নয়ন ও অবকাঠামো বিনিয়োগে নতুন মাত্রা এনেছে। তারা বাংলাদেশের অবকাঠামো ও কর্মসংস্থানমুখী প্রকল্পে চীনের বৃহত্তর অংশগ্রহণের আশা প্রকাশ করেন।
বৈঠক শেষে CPC-এর আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ান বিএনপি প্রতিনিধি দলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। ভোজসভায় উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কোন্নয়ন নিয়ে আরও আলোচনা করেন।
চীন সফরের দ্বিতীয় দিনে বিএনপি প্রতিনিধি দল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং‘র সঙ্গে বৈঠক করে। এর আগে সোমবার (২৩ জুন) প্রতিনিধি দল ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং-এর সঙ্গে বৈঠক করেন।
প্রতিনিধি দলে ছিলেন—
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান
-
চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
-
অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন,
-
মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল
-
চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

