শৈশবের ক্লাব সান্তোসে আরও ছয় মাস থাকছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ক্লাবটি মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে জানায়, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।
এই চুক্তির বিষয়ে চূড়ান্ত আলোচনা হয় সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা এবং নেইমারের বাবার মধ্যে। আলোচনার পরপরই সান্তোস ক্লাব তাদের ওয়েবসাইটে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানায়, সান্তোস মূলত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে দলে রাখার পরিকল্পনা করেছিল। যদিও শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় আরও ছয় মাসের জন্য চুক্তি চূড়ান্ত হয়।
চুক্তি নবায়নের পর এক আবেগঘন বার্তায় নেইমার বলেন,
“আমি হৃদয়ের কথা শুনেই এই সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস কেবল একটি দল নয়, এটা আমার ঘর, আমার শেকড়, আমার জীবনের অংশ। এখানেই আমি বড় হয়েছি, এখানেই আমি ভালোবাসা পেয়েছি।”
২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরেন নেইমার। এরপর থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলমান সময়টিকে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে দেখছেন নেইমার। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তখন ইউরোপীয় কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
নেইমারের সান্তোসে ফেরা এবং চুক্তি নবায়ন শুধু আবেগের বিষয় নয়—এটা তার ক্যারিয়ার পুনর্গঠনের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

