প্লাস্টিক ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণেই জীববৈচিত্র্য আজ হুমকির মুখে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সবাই পৃথিবী ধ্বংসের অভিযুক্ত। আমরা কেউই দায় এড়াতে পারি না।”
প্রধান উপদেষ্টা বলেন, “আজকের পৃথিবী একাধিক সংকটে জর্জরিত—যুদ্ধ, প্রযুক্তির অপব্যবহার, পরিবেশ বিপর্যয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ যে সংকট, তা হলো প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি ধ্বংসের পেছনে প্রকৃতির কোনো দোষ নেই, দোষটা আমাদের—আমরা যারা মানুষ হয়ে পৃথিবীতে বাস করছি, অথচ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে না চলেই উল্টো দিকেই হাঁটছি।”
তিনি আরও বলেন, “জলবায়ু সংকট এখন দৈত্যের রূপ নিচ্ছে। সামনে হয় মানুষ থাকবে, না হয় প্রকৃতি—একসঙ্গে সহাবস্থান অসম্ভব হয়ে উঠছে।”
প্লাস্টিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ প্লাস্টিক। এ থেকে মুক্তি পেতে হলে এখনই আমাদের সচেতন হতে হবে। যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্ম দূষণের ধ্বংসস্তূপে বাস করবে।”
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, নতুন প্রজন্মই পরিবেশ রক্ষার বড় আশার আলো। তিনি বলেন, “তরুণরাই একদিন গড়বে দূষণমুক্ত, সবুজ শহর। ইতিহাসের সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম আমাদের আজকের সম্পদ। তাদের হাত ধরেই জলবায়ু পরিবর্তনের মোকাবিলা সম্ভব।”

