বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন নেতৃত্ব পেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সভাপতি রিফাত রশীদ, সাধারণ সম্পাদক ইনামুল হাসান

ডেস্ক রিপোর্ট।।

বহুল প্রতীক্ষিত প্রথম কাউন্সিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পেয়েছে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইনামুল হাসান।

বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দিনভর টানটান উত্তেজনার পর সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল।

 নির্বাচিত নেতৃত্ব:

  • সভাপতি: রিফাত রশীদ

  • সাধারণ সম্পাদক: শেখ ইনামুল হাসান

  • সাংগঠনিক সম্পাদক: মইনুল ইসলাম

  • মুখপাত্র: সিনথিয়া জাহিন আয়েশা

এর আগে, ২৩ জুন নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রিফাত রশীদ ও মো. জাকির হোসেন (মঞ্জু)। রিফাত রশীদ আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি পদত্যাগ করে ছাত্র রাজনীতিতে পূর্ণ মনোযোগ দেন।

সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন—জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা হাসান ইনাম, সাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় সমন্বয়ক ইব্রাহীম নিরব এবং ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য ভোটে অংশ নেন মইনুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন (কক্সবাজার) ও তাসনিম আহমাদ (খুলনা)। মুখপাত্র নির্বাচিত হন সিনথিয়া জাহিন আয়েশা, যিনি সংগঠনের নির্বাহী সদস্য ছিলেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও দুইজন—নুপুর আক্তার নোভা এবং মো. লিখন হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের অধিকার, সামাজিক সমতা ও ন্যায়ের প্রশ্নে সক্রিয় অবস্থান নেওয়ায় আলোচনায় এসেছে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সদস্যরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন