আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ জুন) বিকেলে দলটির আমির ডা. শফিকুর রহমান রাজধানীর কাফরুল এলাকায় রিকশায় ঘুরে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি কাফরুল থানা জামায়াত আয়োজিত এক পথসভায় অংশ নিয়ে বক্তব্য দেন। সভায় তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছি। এই আন্দোলনের শহিদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যা ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। যেখানে থাকবে না বৈষম্য বা শোষণ। কোরআন-সুন্নাহর আলোকে সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আল্লাহর বিধান বাস্তবায়ন করা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং প্রতিটি মুসলমানের জন্য ফরজ। ইসলামী কল্যাণরাষ্ট্র গড়তে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
জামায়াত আমির দাবি করেন, “জুলাই আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, অনেক পরিবার হয়েছে বিপর্যস্ত। আমরা এতিম ও আহতদের পাশে দাঁড়িয়েছি। এই আন্দোলনের অর্জন ধরে রাখতে হলে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।”
পথসভায় সভাপতিত্ব করেন কাফরুল থানা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল করিম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
এছাড়া মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

