চীন সফরের তৃতীয় দিনে দেশটির সানঝি প্রদেশে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে উচ্চশিক্ষা, হাইটেক শিল্প ও দ্বিপাক্ষিক বাণিজ্যে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে দুই পক্ষই।
বুধবার (২৫ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, সানঝি প্রাদেশিক পার্টি সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে ঘিরে গঠিত বিএনপির প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল।
বৈঠকে সভাপতিত্ব করেন সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং সিপিসি প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক ঝাও ইয়েডি। আলোচনায় ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠক শেষে ঝাও ইয়েডি বিএনপি প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত নৈশভোজে অতিথিদের চীনা ঐতিহ্যবাহী রীতিতে আপ্যায়ন করেন। উপস্থিত নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তা আদান-প্রদান হয়।
চীন সফর বিএনপির চলমান আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীনসহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে দলটি।

