ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার রাজধানীতে বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং শ্রমিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আমির খসরু জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে। তিনি বলেন,
“নির্বাচন নিয়ে আলোচনা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন সামনে থাকায় একটা স্বস্তি ও আশাবাদ দেখা যাচ্ছে। আশা করছি, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া অনেক দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।”
বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয় বলে জানান আমির খসরু। তিনি বলেন,
“ইইউ সব সময় শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার। বাংলাদেশে শ্রমিকদের বাস্তব অবস্থা নিয়ে তাদের উদ্বেগ আছে। বিচারব্যবস্থার স্বচ্ছতা ও সংসদীয় কার্যক্রম নিয়েও তাদের আগ্রহ রয়েছে।”
বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন আগামীর বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে আগ্রহী।
“তারা আগামী সংসদকে সহযোগিতা করতে চায়, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সম্ভব হয়,” বলেন খসরু।
বিএনপির কর্মসূচি ও নীতির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গির অনেকাংশেই মিল রয়েছে বলেও দাবি করেন তিনি।
এই বৈঠককে বিএনপি-ইইউ সম্পর্কের পুনঃউষ্ণতা হিসেবেই দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে। এর মাধ্যমে পশ্চিমা দুনিয়ার রাজনৈতিক মনোযোগ ফের বাংলাদেশে কেন্দ্রীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

