২৫ বছর আগে আজকের দিনে ক্রিকেট বিশ্বে পূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। ২০০০ সালের ২৬ জুন আইসিসির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে টেস্ট মর্যাদা পায় লাল-সবুজের দল। সেই ঐতিহাসিক অর্জনের রজতজয়ন্তী উদযাপন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে।
স্টেডিয়ামের নর্থ প্লাজায় আয়োজন করা হয় এই স্মরণীয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিসিবির সাবেক ও বর্তমান কর্মকর্তারা, অভিষেক টেস্ট দলের সদস্যরা, সাবেক অধিনায়করা ও দেশের ক্রিকেট ইতিহাসে অবদান রাখা ক্রীড়াবিদরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি একে একে অভিষেক টেস্টের ক্রিকেটারদের হাতে তুলে দেন সম্মাননা ক্রেস্ট ও ফুল। কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উপস্থিত সাবেক ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২৫ পাউন্ড ওজনের কেক কাটা, যেখানে বিসিবি সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে কেক খাইয়ে দেন ক্রীড়া উপদেষ্টা।
বিসিবি সভাপতি বলেন, “বাংলাদেশের টেস্ট অভিযাত্রা সহজ ছিল না। নানা চ্যালেঞ্জের ভেতর দিয়ে আমাদের এগোতে হয়েছে। আজ আমরা শুধু পেছনের অর্জন স্মরণ করছি না, ভবিষ্যতের পথচলায়ও নতুন উদ্দীপনা খুঁজে নিচ্ছি।”
গত কয়েক সপ্তাহ ধরে ‘বাংলাদেশ: সেলিব্রেটিং ২৫ ইয়ার্স ইন টেস্ট ক্রিকেট’ শিরোনামে দেশের বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে এই রজতজয়ন্তী। আজকের অনুষ্ঠান ছিল সেই ধারাবাহিক আয়োজনের কেন্দ্রবিন্দু।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই ২৫ বছরের পথচলা শুধু মাঠে নয়, ক্রিকেট সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের ক্ষেত্রেও বাংলাদেশের আত্মপ্রকাশের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে।

