বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শনিবার

ডেস্ক রিপোর্ট।।

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে (পি.আর. পদ্ধতি) নির্বাচনের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৮ জুন) মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির লক্ষ্য, দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে আগত অন্তত ১০ লাখ মানুষের অংশগ্রহণে এটি এক ঐতিহাসিক জমায়েতে রূপ নেবে।

সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়াও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “গত ১৫ বছরে এমন বড় পরিসরের সমাবেশ আর করতে পারিনি। এটি ৫ আগস্টের পর আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি হতে যাচ্ছে।” তিনি ঢাকাবাসী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করেন।

সমাবেশ সফল করতে ইতোমধ্যে সারাদেশে প্রচারণা চালানো হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুছ আহমদ। তিনি জানান, “আমরা ২৪ সদস্যের একটি আয়োজন কমিটি গঠন করেছি। ইতোমধ্যে জেলা ও মহানগর পর্যায়ে মিছিল এবং প্রচার কার্যক্রম চলছে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে ও সারা দেশ থেকে হাজারো যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় আসবেন।”

তিনি আরও অভিযোগ করেন, “মুন্সিগঞ্জে আমাদের প্রচার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। কেউ চাইলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তবে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা কাম্য নয়।”

নির্বাচন প্রসঙ্গে ইউনুছ আহমদ বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে, আবার পরে হলেও আশ্চর্য হবার কিছু নেই। তবে আমরা চাই, ইসলামপন্থীদের জন্য আগামী নির্বাচনে একটি শক্ত অবস্থান তৈরি হোক। সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি।”

বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামী আন্দোলনের এই সমাবেশ আগামী নির্বাচনের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির দাবিকে আরও জোরদার করবে। একইসঙ্গে এটি দেশে ইসলামপন্থীদের রাজনৈতিক অবস্থান ও শক্তিমত্তার একটি বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন